অবশেষে জুলাই সনদে সই করছে এনসিপি, সন্ধ্যায় যমুনায় ৬ সদস্যের প্রতিনিধি দল

অবশেষে জুলাই সনদে সই করছে এনসিপি, সন্ধ্যায় যমুনায় ৬ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে।

সোমবার দুপুরে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিনিধি দলে নাহিদ ও আখতার ছাড়াও থাকছেন দলের জ্যেষ্ঠ নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন। তবে সে সময় এনসিপি কৌশলগত কারণে সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল। দলটি আগেই জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারা আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করবে। আজকের এই স্বাক্ষরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারে এনসিপি তাদের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করতে যাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন