বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণভোটে সংস্কার প্রস্তাবের পক্ষে রায় আসায় জাতীয় সংসদে আসছে বড় ধরনের কাঠামগত পরিবর্তন। নতুন বিধান অনুযায়ী দ্বিকক্ষবিশিষ্ট সংসদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি। এই প্রেক্ষাপটে বিরোধী শিবিরের ডেপুটি স্পিকার পদে জোর আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান।

দলীয় সূত্রমতে, পাবনা-১ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ডেপুটি স্পিকার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে একই পদে ব্যারিস্টার আরমানের নামও সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। অন্যদিকে, ১১ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ তুর্কি ও জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিরোধী দলের হুইপ হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

এ বিষয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এ.টি.এম মাসুম জানান, সংসদের এসব গুরুত্বপূর্ণ পদ নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, ১১ দলীয় জোটের ঐক্য টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্যও সম্মানজনক পদের ব্যবস্থা করতে হবে এবং তাদের ছাড় দেওয়ার মানসিকতা দলের রয়েছে।

জুলাই সনদ অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করতে হবে। এরপর তারা নিয়মিত আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। সংস্কারের অংশ হিসেবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন এবং ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে, যাতে অর্থবিল ও অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য বিলে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন। এছাড়া দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষও গঠিত হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন