জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজধানীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক দলগুলোর যৌথ ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের ঐতিহাসিক অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে এই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে এবং যেকোনো মূল্যে এর প্রতিটি দফা বাস্তবায়নে সবাই সুদৃঢ় প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি বিশেষ কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা তুলে ধরেন।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ও দেশের সার্বিক শাসনব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী মন্তব্য করেন, বর্তমান সময়টি দেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। ২০২৪ সালের অভূতপূর্ব জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ আবার মুক্ত ও স্বাধীন পরিবেশ ফিরে পেয়েছে। এই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটি দেশের গণতান্ত্রিক ভিত্তি ও মূল্যবোধকে আরও সুসংহত করবে।

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে জহির উদ্দিন স্বপন একটি গণমাধ্যমকে বলেন, "পূর্বে একটি একদলীয় সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে সুষ্ঠু ও স্বাভাবিক গণতন্ত্র চর্চার ধারাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছিল। তবে ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আজ দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে এসেছে এবং গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।"

মন্তব্য করুন