মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলা করেছেন এক সাংবাদিক।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এনামুল হক শিশির জানান, মামলায় মুফতি মনির হোসাইন কাসেমী ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে অনলাইনে মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের একটি ভিডিও প্রকাশিত হয়, যা পরে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর স্বীকারোক্তির ভিত্তিতে ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে পল্লবীর বনলতা সুইটসের পাশে একটি চায়ের দোকানে বসে বাদী ও সাক্ষীরা দেখতে পান—আসামিদের পরিচালিত একটি ফ্যান পেইজে সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যমের লোগো ও কর্মকর্তাদের ছবি ব্যবহার করে আপত্তিকর, অসত্য ও মানহানিকর কন্টেন্ট প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওটি পরে রাত ১১টার দিকে ফেসবুক পেইজ থেকে সরিয়ে নেওয়া হয়।

বাদীর দাবি, কাসেমীসহ অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে উদ্দেশ্যমূলকভাবে অসত্য ও বিব্রতকর তথ্য প্রচার করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চরম মানহানি করেছেন, যার ফলে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন