ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন সাথে রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

গত রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছিল যে, প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

এই নির্দেশনার ফলে সাংবাদিকদের মাঝে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হলে ইসি সানাউল্লাহ আজ স্পষ্ট করেন যে, ওই নিষেধাজ্ঞা মূলত ভোটকেন্দ্রে নিয়োজিত সাধারণ জনবল এবং ভোটারদের জন্য প্রযোজ্য। পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিক ও অনুমোদিত পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে গণমাধ্যমের সংবাদ সংগ্রহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে কমিশন সচেতন। তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে মোবাইল ফোনসহ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে বুথের ভেতরে ভোট দেওয়ার গোপনীয়তা রক্ষা হয় এমন কোনো চিত্র ধারণ করা থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম তথ্য সংগ্রহের বিশেষ ব্যবস্থা নিয়েছে কমিশন।

মন্তব্য করুন