সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে: জাহেদ উর রহমান

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকার গঠনের পর আগামী ১৮০ দিনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, স্বল্পমেয়াদী বা ১৮০ দিনের জন্য বিএনপির এই পরিকল্পনাটি আগে থেকেই তৈরি করা ছিল। বর্তমানে সেটিকে আরও কিছুটা পরিমার্জন করা হচ্ছে। সরকার জরুরিভিত্তিতে কী কী পদক্ষেপ নিতে যাচ্ছে এবং জনকল্যাণে কী কাজ করবে, সাধারণ মানুষ যাতে তা স্পষ্টভাবে বুঝতে পারে, সেজন্য শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ যেসব চ্যালেঞ্জ তৈরি হতে পারে, সেগুলো যেন সঠিকভাবে মোকাবিলা করা যায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

বুধবারের এই বৈঠকটির প্রেক্ষাপট সম্পর্কে পরিষ্কার করে জাহেদ উর রহমান বলেন, এটি মূলত আনুষ্ঠানিক কোনো মন্ত্রিসভার বৈঠক ছিল না। তিনি উল্লেখ করেন, নিয়মানুযায়ী মন্ত্রিসভার বৈঠকে উপদেষ্টাদের থাকার কথা নয়। এটি ছিল একটি সৌজন্যমূলক বৈঠক, যেখানে মন্ত্রীদের পাশাপাশি সরকারপ্রধানের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। যেহেতু উপদেষ্টারা মন্ত্রিসভার সরাসরি অংশ নন, তাই এটিকে আনুষ্ঠানিক ‘কেবিনেট মিটিং’ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন