অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হলো প্রাণের মেলা অমর একুশে বইমেলা-২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের কারণে কিছুটা দেরিতে শুরু হলো এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। মেলা প্রাঙ্গণ এখন মুখরিত হয়ে উঠেছে লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণায়।

আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার খাতিরে রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে, ছুটির দিনগুলোতে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর মেলা শুরু হওয়ায় সৃজনশীল প্রকাশনা শিল্পে বইছে আনন্দের জোয়ার।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন