ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ণ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। দুর্ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে প্রাণান্তকর চেষ্টা চলছে। এখন পর্যন্ত সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১,৪৩০ জন এবং নিখোঁজ রয়েছে ৫১ হাজারের বেশি মানুষ।

গত বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অঞ্চলটিকে দুর্যোগকবলিত ঘোষণা করা হলেও উদ্ধারকাজে ধীরগতি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। সরকারি সহায়তার সীমাবদ্ধতার কারণে অনেকেই খালি হাতে স্বজনদের সন্ধানে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা সময়সীমা পার হয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমশ কমে আসছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, প্রতিটি প্রাণের সন্ধান এখন এক একটি অলৌকিক ঘটনার মতো। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সরকার উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগ করেছে এবং আন্তর্জাতিক মানবিক সহায়তাকে স্বাগত জানানো হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এই দুর্যোগে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার হতে পারে। শনিবার আরাগুয়া রাজ্যে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়েছে, যা পরিস্থিতিকে আরও আতঙ্কিত করে তুলেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, কারাকাসসহ প্রায় ৬৭ লাখ মানুষ এই বিপর্যয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ নিরাপত্তার সন্ধানে ঘরবাড়ি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন এবং দ্রুত আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। এখনো হাজার হাজার মানুষ মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় নিখোঁজদের সঠিক পরিসংখ্যান নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন