ট্রাম্পের ছবিযুক্ত পাসপোর্টকে ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ বলল হোয়াইট হাউস

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ
ট্রাম্পের ছবিযুক্ত পাসপোর্টকে ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ বলল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অফিশিয়াল পাসপোর্টে এবার নিজের ছবি ও স্বাক্ষর যুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী (সেমি কুইনসেন্টেনিয়াল) উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ তথা ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ নামে সীমিত সংস্করণের (লিমিটেড এডিশন) এই বিশেষ পাসপোর্ট উন্মোচন করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই পাসপোর্টকে ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ হিসেবে অভিহিত করেছে।

নতুন এই বিশেষ নকশার পাসপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্রের প্রতিচ্ছবি এবং তাঁর নিজস্ব স্বাক্ষর যুক্ত করা হয়েছে। আগামী ৬ জুলাই থেকে সীমিত সময়ের জন্য এই বিশেষ পাসপোর্টটি মার্কিন নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। তবে দেশের পাসপোর্টে ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি জুড়ে দেওয়ার এই নজিরবিহীন ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক বিতর্ক।

এর আগে গত শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই নতুন পাসপোর্টের অভ্যন্তরীণ নকশার একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, পাসপোর্টের একটি পাতায় ওভাল অফিসের বিখ্যাত রেজোলিউট ডেস্কের সামনে মুষ্টিবদ্ধ হাত রেখে দাঁড়িয়ে আছেন ট্রাম্প এবং তাঁর ঠিক পেছনে জলছাপ আকারে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র। পৃষ্ঠার নিচের অংশে রয়েছে তাঁর স্বাক্ষর।

মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) জানিয়েছে, এই বিশেষ সংস্করণের পাসপোর্টটি আগামী ৬ জুলাই থেকে সীমিত সময়ের জন্য ইস্যু করা হবে এবং যতদিন এর মজুত থাকবে, ততদিনই নাগরিকরা এটি সংগ্রহ করতে পারবেন।

এই পাসপোর্টের বিষয়ে ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট—যেখানে বলা হয়েছে: স্বাগতম, তবে ভালো আচরণ করুন!” যদিও তাঁর প্রকাশিত ছবিগুলোতে এই সুনির্দিষ্ট বাক্যটি দৃশ্যমান ছিল না। অন্যদিকে, হোয়াইট হাউসও তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই পাসপোর্টের ছবি শেয়ার করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে প্রমোট করেছে।

বর্তমানে এই বিশেষ পাসপোর্টটি কেবল মার্কিন নাগরিকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে সাধারণ পাসপোর্টের মতো এটি অনলাইনে বা ডাকযোগে আবেদন করে ঘরে বসে পাওয়া যাবে না। এটি সংগ্রহ করতে হলে আগ্রহীদের ওয়াশিংটন ডিসির পাসপোর্ট এজেন্সিতে সরাসরি উপস্থিত হয়ে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, বর্তমানে প্রচলিত সাধারণ মার্কিন পাসপোর্টের পাতাগুলোতে চাঁদে মানুষের অবতরণ, স্ট্যাচু অব লিবার্টিসহ যুক্তরাষ্ট্রের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বিভিন্ন জাতীয় প্রতীকের ছবি ব্যবহার করা হয়। তবে নতুন এই বিতর্কিত বিশেষ সংস্করণ চালুর পর আবেদনকারীরা চাইলে ট্রাম্পের ছবি বাদে সাধারণ পাসপোর্ট বেছে নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মন্তব্য করুন