শিল্পী সমিতির নির্বাচন : মুক্তির পক্ষে ওমর সানী
বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আবারো সরগরম হয়ে উঠেছে বিএফডিসি প্রাঙ্গণ। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তার পক্ষে প্রচারণা চালাতে এফডিসিতে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
ওমর সানী ও রুমানা ইসলাম মুক্তির বন্ধুত্বের বয়স বেশ পুরনো। ১৯৯২ সালে ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় তাদের দুজনেরই। সেই থেকে তাদের মধ্যে দীর্ঘদিনের হৃদ্যতা বিদ্যমান। সহকর্মীকে সমর্থন জানাতে এসে ওমর সানী বলেন, “ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি যদি এটা না করি তাহলে আমার কর্মজীবনের সঙ্গে গাফলতি হবে। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।”
মুক্তির প্যানেলের সভাপতি পদপ্রার্থী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমানের প্রশংসা করে সানী বলেন, “আরমান ভাইয়ের সান্নিধ্যে থেকেই আমরা বড় হয়েছি। শিল্পী সমিতির সাম্প্রতিক সময়ের সংকট কাটিয়ে এবার মুক্তি ও আরমান ভালো কিছু করবে বলে আমার বিশ্বাস।”
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রথম সিনেমার নায়িকার জন্য দোয়া চেয়ে সানী লিখেছেন, “আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারা খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল।”
ওমর সানীর এমন সমর্থন পেয়ে আবেগপ্রবণ মুক্তি বলেন, “আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। তাকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি। তিনি আগেও দোয়া করেছেন, এবার সরাসরি গণমাধ্যমের সামনে এসে আমার জন্য সমর্থন জানালেন।”
প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারার কন্যা রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থেকেছেন। এবারের নির্বাচনে সাংগঠনিক দায়িত্বে তিনি কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় চলচ্চিত্রাঙ্গনের মানুষ।
জান্নাত সকালবেলা
|