যবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদুল হাসান
খুবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
আজ রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-উপাচার্য পদে যোগদানের দিন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে এবং এর মেয়াদকাল হবে আগামী ৪ বছর। এই পদে থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন। এছাড়া দায়িত্ব পালনকালীন তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর (ভিসি) কর্তৃক অর্পিত সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁর এই নিয়োগ আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
উল্লেখ্য, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন 'ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশন' (এনটিএ)-এর বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এআইএল/সকালবেলা
|