মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তুঙ্গে উঠেছে। গত কয়েক দিনের পারস্পরিক সামরিক হামলার জেরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-কমান্ড হুমকি দিয়েছে যে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আগামী দিনগুলোতে ‘নরকে পরিণত’ হবে।
সম্প্রতি সিরিক শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। আইআরজিসি দাবি করেছে, তাদের নৌ ও বিমানবাহিনী কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন ‘পঞ্চম নৌবহরকে’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন হামলা আমাদের পারস্য উপসাগরের ওপর আধিপত্যের কোনো সমাধান করতে পারেনি, বরং আমাদের এই পাল্টা পদক্ষেপ অন্য জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ ব্যবহারের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিচ্ছে। এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিষয় আলাদা। আগামী দিনগুলোতে সেগুলো নরকে পরিণত হবে।”
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কাজ করছে। অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানামায় বিমান হামলার সতর্কসংকেত বাজিয়ে বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ায় এই সংঘাত আরও বড় যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার বা বড় কোনো স্থাপনা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত না মানে, তবে এর পরিণাম হবে ভয়াবহ।
জান্নাত সকালবেলা
|