বহুদিনের চাপা পড়ে থাকা এক বিভীষিকাময় গল্পে সিনেমা

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
বহুদিনের চাপা পড়ে থাকা এক বিভীষিকাময় গল্পে সিনেমা
বিনোদন প্রতিবেদক: বিখ্যাত কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর আলোচিত ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। ছবিটি যৌথভাবে পরিচালনা ও প্রযোজনা করেছেন শাহ নেওয়াজ খান সিজু এবং সুমাইয়া আরজু মুহু।

নির্মাতারা জানিয়েছেন, এই চলচ্চিত্রটি মূল গল্পের হুবহু রূপান্তর নয়, বরং মান্টোর গল্পের ভাবধারায় তৈরি। ছবির কাহিনিতে দেখা যায়, এক মধ্যবিত্ত পরিবারের স্বামী ও বাবার রহস্যময় আচরণের উৎস খুঁজতে গিয়ে উন্মোচিত হয় বহুদিনের চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্য। মূলত ব্যক্তিগত অপরাধ, মানসিক যন্ত্রণা এবং এই অপরাধের পারিবারিক অভিঘাতই ছবিটির মূল উপজীব্য।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা এবং সুমন আনোয়ার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আনিয়াহ আবদিয়াহ তাসনিম, ফাতেমা তুজ জোহরা ইভা ও সিফাত বন্যা।

পরিচালক শাহ নেওয়াজ খান সিজু বলেন, “৭৬ বছর আগে মান্টো অবিভক্ত ভারতের যে নির্মম সামাজিক বাস্তবতা তুলে ধরেছিলেন, দুর্ভাগ্যবশত সেই বাস্তবতার অনেকটাই আজও বিদ্যমান। তখনকার মতো আজও নারীদের নিরাপত্তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।”

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলচ্চিত্রটির কাজ সম্পন্ন হওয়ার পর এটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য পাঠানো হবে। উৎসবের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দর্শকদের জন্য এটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন