জুলাই আন্দোলনের নতুন মামলায় মডেল মিষ্টি সুবাস গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
জুলাই আন্দোলনের নতুন মামলায় মডেল মিষ্টি সুবাস গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা শাকিল বাবু হত্যাচেষ্টা মামলায় মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি, যিনি ‘মিষ্টি সুবাস’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৮ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে মিষ্টি সুবাসকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন এসআই বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানী জামিনের যুক্তি তুলে ধরে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা জানান। আইনজীবী জানান, ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে মিষ্টি সুবাস প্রথম গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি দুটি মামলায় জামিন পেলেও নতুন এ মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

আদালতে নিজের স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মিষ্টি সুবাস বলেন, “আমি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতনি। ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার কারণেই আমাকে বারবার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।” তিনি প্রশ্ন রাখেন, মুক্তিযোদ্ধার সন্তান হওয়া কি অপরাধ?

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে তিনি হতাশা প্রকাশ করে বলেন, “বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকে রাখা হচ্ছে। আমি এখন আর কোনো কথা বলব না, কারণ কথা বললেই আমাকে বারবার আটকে দেওয়া হচ্ছে।”

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় জুলাই আন্দোলনের সময় শাকিল বাবু নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পরবর্তীতে সুস্থ হওয়ার পর ২৫ আগস্ট ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে এই মামলাটি দায়ের করেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন