ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বিকল্প পথ খুঁজে নেবে: রুবিও

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বিকল্প পথ খুঁজে নেবে: রুবিও
ইরান প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফ করেন মার্কো রুবিও। সোমবার ভারতের নয়াদিল্লিতে। ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে হয় একটি ভালো চুক্তি হবে, অথবা দেশটির বিরুদ্ধে ‘অন্য কোনো ব্যবস্থা’ নেওয়া হবে। সোমবার এমনটা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নাকচ করে দেওয়ার পর রুবিও এমন মন্তব্য করলেন। ভারতে অবস্থানরত রুবিও সাংবাদিকদের বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া, নৌপথটি উন্মুক্ত রাখা এবং পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য একটি জোরালো প্রস্তাব টেবিলে আছে। আশা করা হচ্ছে, এই কূটনৈতিক উদ্যোগ সফল হবে।

বিকল্প পথটি কেমন হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি রুবিও। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিনিধিদের যেকোনো চুক্তির বিষয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দেন। ট্রুথ সোশ্যালে লিখেন, একটি চুক্তি চূড়ান্ত ও তাতে স্বাক্ষর না করা পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে। চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে।

এদিকে সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘আলোচনাধীন বিষয়গুলোর একটি বড় অংশের ক্ষেত্রে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। এ কথা সত্য। কিন্তু চুক্তিতে স্বাক্ষর করা সময়ের ব্যাপার মাত্র- এমনটা বলা ঠিক হবে না।’ বাঘাই আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে একটি সাধারণ সমঝোতাও তৈরি হয়েছে। তবে চুক্তি এখনই হচ্ছে না। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট একটি নিউজ এজেন্সি জানায়, আটকে থাকা তহবিল বা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে তেহরানের দাবিসহ সম্ভাব্য চুক্তির কিছু অংশে যুক্তরাষ্ট্র এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।

মন্তব্য করুন