১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক: ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার আমিরাতের মন্ত্রিসভার এক বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডার পর এবার আমিরাতও একই ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করলো।
মন্ত্রিসভার প্রস্তাবনা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ১৫ বছরের কম বয়সীদের সব অ্যাকাউন্ট পর্যবেক্ষণ ও নিষ্ক্রিয় করতে হবে। এই নিয়ম বাস্তবায়নের জন্য প্ল্যাটফর্মগুলোকে ১২ মাসের একটি সময়সীমা দেওয়া হয়েছে। নতুন নিয়মে যা থাকছে
শিশুরা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার বা পরিচালনা করতে পারবে না।প্ল্যাটফর্মগুলোর কোনো ফিচারে তারা পূর্ণাঙ্গ সুবিধা পাবে না। মেসেজ আদান-প্রদান, পোস্ট, মন্তব্য, শেয়ারিং কিংবা পাবলিক গ্রুপ ও চ্যানেলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে এই নিয়ম বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো প্ল্যাটফর্ম এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে সতর্কবার্তা পাঠানো, আংশিক বা পুরোপুরি ব্লক করে দেওয়া কিংবা বড় অংকের প্রশাসনিক জরিমানা আরোপ করার বিধান রাখা হয়েছে।
দেশটির সরকারের লক্ষ্য হলো, ক্রমবর্ধমান ডিজিটাল যুগে শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা ও অনাকাঙ্ক্ষিত অনলাইন ঝুঁকি থেকে তাদের সুরক্ষিত রাখা। গত কয়েক মাসে বিশ্বের বিভিন্ন দেশের সরকার শিশু সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে বয়সের কড়াকড়ি আরোপ করছে, যার সর্বশেষ সংযোজন সংযুক্ত আরব আমিরাত।
জান্নাত সকালবেলা
|