স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ক্রিকেটের অবকাঠামো ও কর্মীদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। এরই ধারাবাহিকতায় এবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম নিজের ফেসবুক পোস্টে এই সুখবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এডহক কমিটির সদস্য থাকা অবস্থায় তামিম ইকবাল যে অঙ্গীকার করেছিলেন, এটি তারই বাস্তবায়ন।
সাঈদ ইব্রাহিম তার পোস্টে উল্লেখ করেন, “ক্রিকেট শুধুমাত্র জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা খেলোয়াড়দের নিয়েই নয়। প্রতিটি ম্যাচ ও সফল আয়োজনের পেছনে একদল নিবেদিতপ্রাণ মানুষের অবদান থাকে, যাদের অনেকে চোখের আড়ালে থেকে যান। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে স্টেডিয়ামের পরিবেশ ঠিক রাখেন। ন্যায্য পারিশ্রমিক কোনো বিশেষ সুবিধা নয়, এটি তাদের নিষ্ঠার যথাযথ স্বীকৃতি।”
বিসিবি পরিচালকের ভাষ্যমতে, বোর্ডের দায়িত্ব শুধু খেলোয়াড় তৈরি করা নয়, বরং ক্রিকেটের সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষের মর্যাদা ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা। একটি শক্তিশালী ক্রিকেট জাতি তখনই গড়ে ওঠে, যখন মাঠের খেলোয়াড় থেকে শুরু করে গ্রাউন্ডসম্যান ও পরিচ্ছন্নতা কর্মীরা সবাই সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পান।
অ্যাডহক কমিটির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সুশাসন ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করার যে প্রতিশ্রুতি বিসিবি দিয়েছিল, এই বেতন বৃদ্ধি সেই অঙ্গীকারেরই একটি প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জান্নাত সকালবেলা
|