সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। দেশটিতে এই নিষেধাজ্ঞা জারির পর অনেক কর্মকর্তাকে নিজেদের ডিভাইস ভেঙে বা ধ্বংস করে ফেলতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

তালেবানের সামরিক আদালতের একটি বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই এই নতুন নিষেধাজ্ঞা দেশজুড়ে কার্যকর করা হবে। এই আদেশের আওতায় ‘উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ কিংবা পরিষেবা কর্মী’—অর্থাৎ সরকারি সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের একজন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফোন নিষিদ্ধের এই আদেশটি পড়ে শুনাচ্ছেন এবং তার পাশেই অন্য একজন কর্মকর্তা জব্দ করা ফোনগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলছেন।

আদালতের এই কঠোর আদেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করে স্মার্টফোন ব্যবহার করেন, তবে তার মোবাইল ফোনটি অনতিবিলম্বে গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনি এবং শরিয়া আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক দণ্ড আরোপ করা হবে। এই আদেশ থেকে কোনো ধরনের ব্যতিক্রম বা ছাড় পেতে হলে কেবল তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার সরাসরি লিখিত অনুমতির প্রয়োজন হবে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, সামরিক আদালতের এই আদেশটি বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ‘বিক্ষিপ্তভাবে’ কার্যকর করা হচ্ছে। কোনো কোনো প্রদেশে এটি কেবল সরকারি কর্মকর্তাদের ওপর কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। আবার কিছু কিছু দুর্গম এলাকায় এর পরিধি বাড়িয়ে নারী, সাধারণ বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপরও এই স্মার্টফোন নিষেধাজ্ঞার নিয়ম জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে এই স্পর্শকাতর বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে তালেবান মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন