ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায় বালু উত্তোলন ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে বিজেপি নেতাসহ অন্তত তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে সোনহাত থানার নওগাইন গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অন্যতম হলেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং। ভারত সিং বালু মহাল পরিচালনা সংক্রান্ত একটি বিরোধের মীমাংসা করতে গিয়ে এই পরিকল্পিত ফাঁদে পড়েন। তার স্বজনদের অভিযোগ, ভারত সিং ও তার সঙ্গীরা যে ফরচুনার গাড়িতে ছিলেন, সেটির সামনে ও পেছনে ট্রাক দাঁড় করিয়ে পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়। এরপর গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়ির ভেতরেই জ্যান্ত পুড়ে মারা যান ভারত সিং, বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং। এছাড়া মায়াঙ্ক সিং নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, এই ঘটনার মূল কারণ বালু পরিবহণ ও অবৈধ চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ। ভারত সিংয়ের পরিবারের সঙ্গে অপর এক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের কয়েক মাস ধরে এই আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। ত্রিপাঠী পরিবারের ট্রাকগুলোর বালু পরিবহণ নিয়ে এই দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।
ঘটনার পর থেকে পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তারা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন। স্থানীয় বিধায়ক ও সাবেক বিধায়করা এই ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।
জান্নাত সকালবেলা
|