দুই মামলায় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের জামিন স্থগিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
দুই মামলায় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের জামিন স্থগিত

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর আদাবর ও যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই হত্যা মামলায় হবিগঞ্জ–৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার (১৮ জুন) এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের অভিযোগে আদাবর থানার মামলায় গত ৮ জুন হাইকোর্ট একটি রুল ইস্যু করে সায়েদুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এর পরদিনই (৯ জুন) যাত্রাবাড়ী থানার অপর একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। এই দুই মামলায় দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে পৃথক আবেদন জানায়, যা আজ শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. খুররম শাহ মুরাদ।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা এক হত্যাচেষ্টার মামলায় গত ৩ মে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সায়েদুল হক। পরে এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গত ১১ মে আপিল বিভাগ তার জামিন বহাল রাখেন।

ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ জানান, যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার আদালত স্থগিত করেছেন। তবে মিরপুর থানায় করা হত্যাচেষ্টার মামলায় তার জামিন বহাল আছে। বর্তমানে মোট ছয়টি মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রশ্নে রুল শুনানির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরের ২২ অক্টোবর সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট সাতটি মামলা রয়েছে। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

মন্তব্য করুন