সংসদের কোনো সদস্যই ঋণখেলাপি নন, তারা বড়জোর ঋণগ্রস্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক: বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যই ঋণখেলাপি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদে যারা আছেন তারা বড়জোর ঋণগ্রস্ত হতে পারেন, তবে কোনোভাবেই তারা ঋণখেলাপি নন। আইন অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী, যেমন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ (আরপিও) অন্যান্য বিধিমালায় সুনির্দিষ্টভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ঋণখেলাপি হিসেবে সাব্যস্ত বা ঘোষিত হন, তবে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। ঋণখেলাপি ব্যক্তি এমপি পদে মনোনয়নই দাখিল করতে পারেন না, সেটি অত্যন্ত স্পষ্ট বিধান।’
তিনি আরও বলেন, ‘সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচিত হয়ে সংসদে আসার অর্থই হলো, সংশ্লিষ্ট ব্যক্তি বড়জোর ঋণগ্রস্ত হতে পারেন, কিন্তু তিনি ঋণখেলাপি নন। এখন কেউ যদি ঢালাওভাবে দাবি করেন যে এই সংসদে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে বা এটি ঋণখেলাপিদের সংসদ, তবে তা কোনোভাবেই আইনগত ব্যাখ্যার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ দেশের আইন ও সংসদের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল বক্তব্য রাখার আহ্বান জানান তিনি।
|