বন্ধু হবা, কফি খাব আর মজা করব ছাত্রীকে খুবি শিক্ষকের অশালীন বার্তা
ভুক্তভোগী এক ছাত্রীর লিখিত অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষকের পাঠানো বেশ কিছু মেসেজের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শিক্ষক রেজাউল ইসলাম ছাত্রীদের ইনবক্সে ‘বন্ধু হবা, কফি খাব আর মজা করব’, ‘বন্ধুর সঙ্গে হাগ করলে ডিপ্রেশন থাকে না’—এমন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন। ভুক্তভোগী ছাত্রীরা জানান, মেসেঞ্জারের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও তিনি অশালীন কল দিতেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ খাঁন জানান, ঘটনার সত্যতা যাচাই ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডিনদের সঙ্গে বৈঠক করে অভিযুক্ত শিক্ষককে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ড. মো. ইয়াসিনকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার বিকেলে ক্যাম্পাসে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করেন। শিক্ষার্থীরা জানান, শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে।
অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রেজাউল ইসলাম দাবি করেছেন, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তিনি জানান, তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক বা অপব্যবহার করা হয়েছে এবং এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তার দাবি, ডিসিপ্লিন প্রধান হিসেবে উন্নয়নমূলক কাজ ও নিয়মনীতি কঠোরভাবে কার্যকর করায় একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
জান্নাত সকালবেলা
|