যমুনা নদীতে ভারতীয় সেনা নিখোঁজ

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ
যমুনা নদীতে ভারতীয় সেনা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানার যমুনানগর জেলার হাতনিকুণ্ড ব্যারেজে প্রশিক্ষণ ও মহড়ার সময় সেনাবাহিনীর একটি নৌযান দুর্ঘটনার কবলে পড়ে এক সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহড়াকালে সেনা বহনকারী বোটটি হঠাৎ ডুবতে শুরু করলে লাইফ জ্যাকেট পরা অবস্থায় সদস্যরা নদীতে ঝাঁপ দেন। প্রবল স্রোতে চারজন সেনা ভেসে গেলেও তিনজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। তবে একজন সেনা সদস্য পানিতে নিখোঁজ থাকেন।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। পরবর্তীতে ডুবে যাওয়া মোটরবোটটি পানি থেকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ সেনার সন্ধান মেলেনি। তবে নিখোঁজ সেনার নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে পুলিশ জানায়, নিখোঁজ সেনাকে উদ্ধারে যমুনা নদীতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন