শজিমেকে রোগী-চিকিৎসক সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনায় রোগীর ৬ স্বজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এই মারামারির ঘটনা ঘটে। পরে রাত ১২টা থেকে কর্মবিরতির ঘোষণা দেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, অ্যাজমা জটিলতা নিয়ে বগুড়া সদরের রাজাপুর এলাকার আব্দুল মালেক (৫৫) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন এবং রাত ১০টার দিকে মারা যান। স্বজনদের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানালে চিকিৎসকরা তাঁদের মারধর করে আটকে রাখেন।
অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, ভুল চিকিৎসার অহেতুক অভিযোগ তুলে বহিরাগতদের নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালানো হয়। এতে ছয়জন চিকিৎসক আহত হন, যাদের তিনজনের হাতের হাড় ভেঙে গেছে।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছয়জনকে আটক করে। আটককৃতদের কয়েকজন স্থানীয় ছাত্রদলের নেতা বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর এ মুর্শেদ জানান, চিকিৎসকদের নিরাপত্তাহীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইন্টার্নরা কর্মবিরতিতে থাকলেও সিনিয়র ও মিড লেভেলের চিকিৎসকদের দিয়ে আপাতত চিকিৎসাসেবা সচল রাখা হয়েছে।
এআইএল/সকালবেলা