মিসরে বাস উল্টে নিহত ১৬, আহত ২৮

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ণ
মিসরে বাস উল্টে নিহত ১৬, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের দক্ষিণ সিনাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। 

বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এমটিভি লেবানন জানায়, দুর্ঘটনাটি ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকা অতিক্রম করে নুওয়েবার দিকে যাওয়ার সময় ঘটে। খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে দ্রুত ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দুল গাফফার।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১৬ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ২৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিসরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দুল গাফফার নিকটস্থ হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন