প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
অনলাইন ডেস্ক: প্রশাসনের শীর্ষপর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার পাশাপাশি কয়েকজন সচিব ও সিনিয়র সচিবের পদে রদবদল করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতি, পদায়ন ও বদলির নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরীন জাহানকে আগামী ৫ সেপ্টেম্বর চাকরি থেকে অবসর এবং এক বছরের জন্য পিআরএল মঞ্জুর করা হয়েছে।
এআইএল/সকালবেলা