চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার পৃথক তিনটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে জেলার সদর ও দামুড়হুদা উপজেলায় এসব পৃথক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাঁদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির উদ্দীন (গিয়াস উদ্দিনের ছেলে)। পরিবার উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন ভোরে দামুড়হুদার লোকনাথপুর গ্রামে একটি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শফিকুল ইসলাম বরু নামের এক যুবক। তিনি দর্শনা পৌরসভার শান্তিপাড়া এলাকার মরহুম সিরাজুল ইসলামের ছেলে।
পৃথক তিনটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন।
এআইএল/সকালবেলা