ইরানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২, আহত ৭৬

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
ইরানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২, আহত ৭৬

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। 

বুধবার (২ সেপ্টেম্বর) ইরানি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলীয় কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটে। ইরানি রেড ক্রিসেন্টের তথ্যমতে, সেখানে বিয়ের অনুষ্ঠানে হামলায় শিশুসহ ৫ জন নিহত এবং ৬৮ জন আহত হন।

এদিকে খুজেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আহভাজ ও আগাজারি এলাকার তিনটি পৃথক স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

শাফাক নিউজ এজেন্সি জানায়, বান্দার আব্বাস, কেশম, জাস্ক, চাবাহার ও কোনারাকের আশপাশের এলাকাতেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এসব এলাকায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা না যাওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন