পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির লাশ উদ্ধার
সকালবেলা অনলাইন: ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের পারিবারিক বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বৃষ্টি মুখোপাধ্যায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের কন্যা। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের ধারণা, দীর্ঘদিনের মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানা পুলিশ।
পরিবার সূত্রে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে দোতলার ঘরে ফ্যানের সঙ্গে ধুতি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃষ্টির ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। কুসুম্বার মুখোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা টানাপোড়েনের কারণে তিনি চার-পাঁচ বছর ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসকের অধীনে ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃষ্টির বোলপুর হাইস্কুলের করণিকের চাকরি বাতিল হয়েছিল। এর পাশাপাশি সম্প্রতি তাঁর বিবাহবিচ্ছেদের মামলাও শুরু হয়েছিল। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এআইএল/সকালবেলা