আপা আর আসবে না, আপার চ্যাপ্টার ক্লোজড: এমপি আবুল খায়ের

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
আপা আর আসবে না, আপার চ্যাপ্টার ক্লোজড: এমপি আবুল খায়ের

বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর: "হাসিনা পালিয়ে যাওয়ার সময় ডানে-বামে তাকানোর সুযোগ পাননি। আজকে যারা নতুন করে স্বপ্ন দেখেন 'আপা আসবে', আপার রাজনৈতিক কবর রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট। আপা আর আসবেন না, এ চ্যাপ্টার ক্লোজড।" লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া এ মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দালাল বাজার এলাকায় আয়োজিত র‍্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।

তিনি আরও বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না। এলাকায় বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে।

প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ঐতিহাসিক প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জনগণ তাঁকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। তিনি কারো রক্তপাত ঘটিয়ে ক্ষমতায় আসেননি। ক্ষমতায় এসে তিনি জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা বুঝতে পেরেছিলেন।"

সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলসহ যুবদল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন