মার্কিন গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে চীনা হ্যাকারদের হামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
মার্কিন গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে চীনা হ্যাকারদের হামলা
গুরুত্বপূর্ণ সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার চেষ্টা নস্যাৎ করার ঘোষণা দিয়েছে মার্কিন বিচার বিভাগ ও এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ ও সিনেটসহ দেশটির একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও স্পর্শকাতর অবকাঠামোর নেটওয়ার্কে চীনা হ্যাকারদের অনুপ্রবেশের বড় ধরনের চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

বিচার বিভাগ জানায়, সমন্বিত এই সাইবার অভিযানে হ্যাকার চক্রের ব্যবহৃত ‘কিউস্ক্যান’ (QScan) এবং ‘কিউটিরাউটার’ (QTRouter) নামের দুটি বিশেষ হ্যাকিং প্ল্যাটফর্মের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডোমেইন জব্দ করে তাদের অবকাঠামো অকার্যকর করে দেওয়া হয়েছে। আদালতের হলফনামা অনুযায়ী, জ্বালানি বিভাগ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এই হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

মার্কিন তদন্তকারীদের দাবি, চীনের নানজিংভিত্তিক ‘শিনজিউওয়েই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি’ পরিচালিত প্ল্যাটফর্মগুলোর গ্রাহক তালিকায় চীনের সামরিক বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি (এমএসএস) যুক্ত রয়েছে। এই চক্রটি ২০১৮ সাল থেকেই বিশ্বজুড়ে সাইবার নজরদারি চালিয়ে আসছিল। ২০১৯ সালে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) দুর্বলতাকে কাজে লাগিয়ে নাসার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা ছাড়াও ২০২৪ সালের সেপ্টেম্বরে জ্বালানি বিভাগের তিনটি গবেষণাগার এবং নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্কে সফল অনুপ্রবেশ ঘটিয়ে বিভিন্ন স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয় তারা।

এদিকে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস। দূতাবাসের এক মুখপাত্র ইমেইল বার্তায় জানান, তাঁরা এই হ্যাকিংয়ের দাবির বিষয়ে অবগত নন। তিনি উল্লেখ করেন, “চীন সরকার সব ধরনের সাইবার হামলার ঘোর বিরোধী এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।” একই সাথে তিনি অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তার যুক্তিকে অতিরঞ্জিত করে চীনা কোম্পানিগুলোর ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ চাপাতে এবং চীনকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় প্রতিপন্ন করতেই যুক্তরাষ্ট্র এসব সাইবার নিরাপত্তার ইস্যু ব্যবহার করছে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল জানান, চীন-সমর্থিত সাইবার দলগুলো নিজেদের পরিচয় ও ভৌগোলিক অবস্থান আড়াল করতে অত্যাধুনিক এনক্রিপশন ও রাউটিং অবকাঠামো ব্যবহার করছিল। এফবিআই-এর সাইবার বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যৌথ অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত বৈশ্বিক সার্ভার নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের নেতৃত্বাধীন বিচার বিভাগ স্পষ্ট করেছে, দেশের বিদ্যুৎ, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থিক ব্যবস্থার মতো জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য নেটওয়ার্কগুলোতে রাষ্ট্র-সমর্থিত সাইবার হামলার বিরুদ্ধে ওয়াশিংটন আগামী দিনে আরও কঠোর ও আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করবে।

মন্তব্য করুন