বাউফলে পথরোধ করে মারধর ও টাকা-স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
ইব্রাহিম ফরাজি, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পথরোধ করে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও গলায় পরিহিত একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
এ হামলায় মাইনুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
গত মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পট্টি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা মাইনুল ইসলাম সম্প্রতি নিজের একটি গৃহপালিত মহিষ বিক্রি করেন। সেই মহিষ বিক্রির নগদ টাকা সঙ্গে নিয়ে তিনি পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে মেম্বার পট্টি এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁকে চারপাশ থেকে ঘিরে ফেলে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।
একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সঙ্গে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং গলায় থাকা একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীর পরিবারের দাবি, মহিষ বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার তথ্যটি একটি চক্র আগে থেকেই জানত এবং সেই সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় আহত মাইনুল ইসলামের বাবা শাহাবুদ্দিন মৃধা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিম, বাচ্চু, সালমান, সিয়াম ও শাওনসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এলাকায় অপরাধের মাত্রা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”