কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ
কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

ওয়াফিক শিপলু, বগুড়া: ঢাকা থেকে কুড়িগ্রামগামী চলন্ত আন্তঃনগর 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) নাটোর সীমানা অতিক্রমকালে চলন্ত ট্রেনে এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, চলন্ত ট্রেনের খাবারের বগিতে (ক্যান্টিন) তাকে একা পেয়ে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং ক্যান্টিনবয় আবু বক্করকে হাতেনাতে আটক করে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেন।

মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে আবু বক্কর সিদ্দিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দায়ের করা মামলায় ট্রেনে দায়িত্বরত দুই পুলিশ সদস্যেরও নাম উল্লেখ করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগীর অভিযোগে পুলিশের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে, যা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার ক্যান্টিনবয়কে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন