আইসিসিবির কসমেটিকা ঢাকা ২০২৬ পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
বাণিজ্য প্রতিবেদক: রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে আইসিসিবির ৪ নম্বর হলে আন্তর্জাতিক এই বাণিজ্য প্রদর্শনীর আনুষ্ঠানিক পর্দা ওঠে। প্রদর্শনীটি চলবে আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণ ও ব্যবসায়ীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পুরো মেলা প্রাঙ্গণ ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের নান্দনিক স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি অংশ নেওয়া প্রতিনিধি ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং পণ্যের গুণমান ও বিপণন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের কসমেটিকস, পার্সোনাল কেয়ার ও স্কিনকেয়ার খাতের সামগ্রিক বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রসাধনী পণ্যের বিপুল রপ্তানি সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গুণগত মান নিশ্চিত করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের কসমেটিকস শিল্প বিশ্ববাজারে নিজস্ব ব্র্যান্ডিং প্রতিষ্ঠা করতে সক্ষম।
মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপের বিশেষ পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক এই এক্সপো আয়োজিত হচ্ছে। এবারের মেলায় বিশ্বের ১৬টি দেশের প্রায় ১৩২টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কসমেটিকস, সৌন্দর্য ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনকারী ব্র্যান্ড সরাসরি অংশ নিয়েছে। আধুনিক প্রযুক্তির প্রসাধন সামগ্রী ও কাঁচামাল প্রদর্শনীর পাশাপাশি এ মেলায় দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা এবং আমদানিকারকদের মধ্যে পারস্পরিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।