সবুজবাগে স্বামীকে হত্যা করে পুলিশকে স্ত্রীর ফোন
অনলাইন ডেস্ক: রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্বামী মাহফুজুর রহমানকে (৪০) হত্যা করে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী রেহানা আক্তার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন দেন অভিযুক্ত নারী। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, রেহানা আক্তার ৯৯৯-এ ফোন করে জানান যে, আগের দিন রাতে তিনি তাঁর স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে দেন। পরবর্তীতে স্বামী ঘুমিয়ে পড়লে মাথার নিচে ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়। সংবাদ পেয়ে সবুজবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি পদক্ষেপ গ্রহণ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহ ও স্বামী অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্ত্রী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। পুলিশ অভিযুক্ত রেহানা আক্তারকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে এবং এ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা