আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়। অনুসন্ধানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অসংগতির প্রমাণ পায় এই দল।

অভিযোগের তালিকায় অন্য যাদের নাম রয়েছে তাঁরা হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা যায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার, বিটকয়েন লেনদেনসহ হাজার কোটি টাকার দুর্নীতির নানা অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া ক্রিকেট বোর্ড গঠনে প্রত্যক্ষ হস্তক্ষেপ এবং নিজ সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাটি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন