ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানের বর্তমান ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাত করে দেশবাসীকে নিজেদের নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিশেষ ভিডিও বার্তায় তিনি ইরানিদের এই পরামর্শ দেন। খবর বিবিসির।
ভিডিও বার্তায় ট্রাম্প ইরানিদের উদ্দেশে বলেন, ‘আমাদের সামরিক অভিযান শেষ হওয়ার পর আপনারা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। এই দেশ আপনাদেরই। আগামী কয়েক প্রজন্মের মধ্যে সম্ভবত এটাই আপনাদের জন্য একমাত্র সুযোগ।’ মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ হামলাকে কাজে লাগিয়ে ইরানি জনগণকে রাজপথে নেমে আসার ইঙ্গিত দেন তিনি।
একই সাথে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা যদি অস্ত্র ত্যাগ করে সাধারণ জনগণের কাতারে চলে আসে, তবে তাদের ‘ক্ষমা’ করা হবে। অন্যথায় তাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক দমন-পীড়নের ঘটনায় ট্রাম্প দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন। মানবাধিকার কর্মীদের তথ্য অনুযায়ী, ওই বিক্ষোভে অন্তত ৬ হাজার ৪৮০ জন নিহত হন। সেই সময় ট্রাম্প বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘সহায়তা আসছে’। আজকের এই ভিডিও বার্তা ও হামলাকে সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ