ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: মোংলা উপজেলার সাহেবেরমেঠ গ্রামে মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর ‘নবপল্লব’ প্রকল্পের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের ধারাবাহিকতায় বর্তমান সরকারের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, খালের পরিবেশ রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। মাদুরপাল্টা খালটি এলাকার কৃষি ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কিছু অসাধু মানুষের অবৈধ বাঁধ এবং অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে পরিবেশের ক্ষতি করছে। তিনি খাল সচল রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, যার সুফল উপকূলীয় অঞ্চলের মানুষও পাবে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, বাগেরহাটের সামাজিক বন কর্মকর্তা মোঃ সাহিন কবির এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএনআরএস-এর উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান।
উল্লেখ্য, এই পুনঃখনন কর্মসূচির আওতায় প্রথম পর্বে মোংলার ৬টি খাল ও ১টি পুকুর খনন করা হবে। এর ফলে ওই এলাকার ২ হাজার ৫০টি পরিবার সরাসরি উপকৃত হবে এবং প্রায় ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন। এলাকাবাসী আশা করছেন, এই সময়োপযোগী উদ্যোগের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতার কষ্ট লাঘব হবে এবং কৃষিতে নতুন গতির সঞ্চার হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ