কালীগঞ্জে চুরি হওয়া ইজিবাইক ২৪ ঘণ্টায় উদ্ধার, আটক ২

কালীগঞ্জে চুরি হওয়া ইজিবাইক ২৪ ঘণ্টায় উদ্ধার, আটক ২

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে চুরি হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে একটি ইজিবাইক উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার চুপাইর এলাকার বাসিন্দা আমির হোসেন আকন্দ (৬০) গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে দোলনবাজার এলাকায় একটি ফার্মেসির সামনে তার ইজিবাইকটি রেখে বাজারে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি নেই।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর মামলা রুজু হলে তদন্তে নামে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে নরসিংদী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. জাহিদ সরকার (২২) ও খাইরুল গাজী (২৪) নামের দুই যুবককে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে চুরি হওয়া সবুজ রঙের ইজিবাইকটি উদ্ধার করে জব্দ করা হয়। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন