দীঘিনালায় ছাত্রলীগের নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ
রুপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কঠোর অবস্থান নিয়েছে দীঘিনালা থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ জুন) ভোর সকাল থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন কৌশলগত স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশের বিশেষ টহল দল উপজেলার লারমা স্কয়ার, বোয়ালখালি নতুন বাজার এবং দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে এই বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার প্রস্তুতি রয়েছে।
দীঘিনালায় ডিউটিরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কাজী বখতিয়ার হোসেন জানান, “কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কিংবা জনশৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি স্থানীয় জনগণকেও সতর্ক থাকার এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|