লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে-কোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। আজ মঙ্গলবার (২৩ জুন) লক্ষ্মীপুর জেলা শহরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে যুবদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে রাজপথে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা বা নাশকতার চেষ্টা দেশের সচেতন জনগণ আর মেনে নেবে না।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্টদের যে-কোনো অপতৎপরতা রুখে দিতে এবং রাজপথ নিরাপদ রাখতে যুবদল সবসময় ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।
এর আগে, যুবদলের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে জেলা যুবদলের সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন ও সোহরাব হোসেন বুলু অংশ নেন।
এ ছাড়াও লক্ষ্মীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বেলাল কাজী, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী এই মিছিলে উপস্থিত ছিলেন।
|