চীনের কিনহাই প্রদেশে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
চীনের কিনহাই প্রদেশে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলের দিকে এই কম্পন অনুভূত হয়। তবে পাহাড়ি এই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটিতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, আজ বেইজিং সময় বিকেল ৫টা ০৬ মিনিটে কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলের অধিক-উচ্চতার পাহাড়ি এলাকায় এই তীব্র কম্পন অনুভূত হয়। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

সিইএনসি আরও জানায়, মূল ভূমিকম্পের পর ওই এলাকায় একাধিক মাঝারি মাত্রার আফটারশক বা অনুকম্পন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল প্রায় ৫ দশমিক ০। বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মাঠপর্যায়ে পরিস্থিতি মূল্যায়ন করছে। উৎপত্তিস্থলটি পাহাড়ি এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনার খবর আসেনি।

মন্তব্য করুন