৭৫ পেরিয়ে শাবানা: ভিনদেশে কেমন কাটছে কিংবদন্তির দিনকাল

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ
৭৫ পেরিয়ে শাবানা: ভিনদেশে কেমন কাটছে কিংবদন্তির দিনকাল

বিনোদন প্রতিবেদক:বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শাবানা এবার ৭৫ বছরে পা দিলেন। প্রায় তিন দশক ধরে অভিনয় থেকে দূরে থাকলেও ভক্তদের ভালোবাসা যে এতটুকুও কমেনি, এবারের জন্মদিনে তা নতুন করে উপলব্ধি করলেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা ও স্মৃতিরোমন্থন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এই বরেণ্য অভিনেত্রী।

১৫ জুন নিজের জন্মদিনে ঘরোয়া আয়োজনেই সময় কাটিয়েছেন তিনি। ছেলে-মেয়ে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের উপস্থিতিতে কেক কেটে দিনটি উদযাপন করেন। শাবানা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করলেও পরিবারের সদস্যদের মাধ্যমে তিনি জানতে পারেন দেশ-বিদেশের ভক্তদের অকৃত্রিম ভালোবাসা। তিনি বলেন, ‘মানুষ এখনো যেভাবে মনে রেখেছে, এতটা ভালোবাসে—এটাই সবচেয়ে বেশি আবেগাপ্লুত করে। পুরোনো দিনের স্মৃতি ফিরে আসে। মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো ভাষা নেই।’

দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবানা। বর্তমানে তার দিনের অনেকটা সময় কাটে পরিবারের সদস্যদের সঙ্গেই। জন্মদিনে স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হলো ভালোবাসা ও সম্মান, যা আমি সবসময় স্বামীর কাছ থেকে পেয়েছি। আমরা একে অপরের খুব ভালো বন্ধু।’

১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজানে জন্ম নেওয়া আফরোজা সুলতানা রত্না মাত্র আট বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘নতুন সুর’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করে পরে ‘চকোরী’র মাধ্যমে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন। প্রায় চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আলমগীর, রাজ্জাক, ফারুক ও সোহেল রানার মতো কিংবদন্তি অভিনেতাদের বিপরীতে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে আলমগীরের সঙ্গে তার জুটি ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল এক অধ্যায়।

১০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননা পাওয়া শাবানা ১৯৯৭ সালে ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দা থেকে বিদায় নেন। যদিও অভিনয় ছেড়েছেন দীর্ঘ সময় আগে, কিন্তু পর্দার সেই শাবানা আজও বাঙালির হৃদয়ে অমলিন। আজকের শাবানা শুধু কিংবদন্তি অভিনেত্রী নন, তিনি একজন পরিপূর্ণ মা ও নানি হিসেবেই বর্তমানে প্রশান্তিময় সময় কাটাচ্ছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন