থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সুইজারল্যান্ড

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্য ও তুরস্কের পর এবার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। এ সময় তিনি এ আগ্রহের কথা জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সুইজারল্যান্ড বাংলাদেশের বিমান পরিবহন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সুইস প্রতিষ্ঠান সুইসপোর্টের অংশগ্রহণের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন রাষ্ট্রদূত।

জবাবে উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সুইসপোর্টকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

উল্লেখ্য, এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিল যুক্তরাজ্য ও তুরস্ক।

মন্তব্য করুন