বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: উপদেষ্টা জাহেদ

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: উপদেষ্টা জাহেদ

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে প্রত্যর্পণের কার্যক্রম চলছে।

জাহেদ উর রহমান বলেন, এটি বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য। প্রত্যর্পণ-সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

গত রবিবার জাতীয় সংসদে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করতে হবে।

সংবাদ সম্মেলনে সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, সম্প্রতি কয়েকটি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে ১৩১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করা হলেও বিজিবির তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে।

এ ছাড়া একই সময়ে মিয়ানমার সীমান্তে ৮৯ জনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা এবং ২১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, গত ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে পুশইন ও সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও সমন্বিত টহল জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

মন্তব্য করুন