স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও উদ্ভাবনী প্রতিযোগিতার বিস্তারের ওপর জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের সামনে বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক। এ সমস্যা মোকাবিলায় শুধু আইন প্রয়োগ বা চিকিৎসা নয়, বিকল্প সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিপুল শারীরিক ও মানসিক শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠের সংকট রয়েছে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে ইতোমধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হয়েছে। সম্প্রতি আয়োজিত একটি শিক্ষা বিভাগীয় অনুষ্ঠানে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারা বছর সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা চালু রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সমাজে সহিংসতার ঘটনা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার মতো অস্বাভাবিক প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের মানসিকতা পরিবর্তনে ছোটবেলা থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

তিনি জানান, এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সরকারের প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় তথ্যমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন