পুতিনের ‘পোষা কুকুর’ ট্রাম্প, বলে কটাক্ষ মার্কিন গভর্নরের

পুতিনের ‘পোষা কুকুর’ ট্রাম্প, বলে কটাক্ষ মার্কিন গভর্নরের

ইরান যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ হিসেবে উপহাস করেছেন।

প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলা শুরুর পর বৃহস্পতিবার তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছায়। এই পরিস্থিতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা দেশগুলোকে বর্তমানে ‘সমুদ্রে আটকে থাকা’ রুশ তেল কেনার অনুমতি দেবে। ট্রেজারি বিভাগের এই ঘোষণার প্রতিক্রিয়ায় নিউসামের প্রেস অফিস একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে পুতিন ট্রাম্পকে শিকল দিয়ে হাঁটাচ্ছেন। ছবিতে ট্রাম্পকে উপুড় হয়ে থাকতে এবং তাঁর গলায় শিকল বাঁধা অবস্থায় দেখানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে এক্স-এ (সাবেক টুইটার) এই নতুন পদক্ষেপের কথা ঘোষণা করার সময় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, “ট্রাম্প বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কমাতে এই পদক্ষেপ নিচ্ছেন, কারণ আমরা সন্ত্রাসী ইরানি শাসনের তৈরি হুমকি ও অস্থিরতা মোকাবিলা করছি।” তিনি আরও জানান, “এই স্বল্পমেয়াদী ব্যবস্থা রুশ সরকারকে খুব একটা উল্লেখযোগ্য আর্থিক সুবিধা দেবে না।”

এর আগে সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছালেও বৃহস্পতিবার ইরান যুদ্ধের প্রভাবে তা ১০০ ডলারে নেমে আসে। তেল বাজারের এই অনিশ্চয়তার মূল কারণ হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দিয়েছে এবং কোনো জাহাজ পারাপারের চেষ্টা করলে হামলার হুমকি দিয়েছে।

ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ভারতকে ৪ এপ্রিল পর্যন্ত রুশ তেল কেনার অনুমতি দিয়েছে এবং তেলের দাম নিয়ন্ত্রণে মার্কিন রিজার্ভ থেকে তেল ব্যবহারের পরিকল্পনা ঘোষণা করেছে। জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়বে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন