ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়টি দীর্ঘকাল ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানেই পরিচালিত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল এবং ছাদ থেকে প্লাস্টার খসে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা আনসার-ভিডিপি অফিসের দেয়ালগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে এসেছে। বর্ষা মৌসুমে ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস ও আসবাবপত্র নষ্ট হচ্ছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন দাপ্তরিক কাজ সারছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ভবনটির বেহাল দশা সম্পর্কে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুজন রানা বলেন:
“ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এভাবে অফিস কার্যক্রম পরিচালনা করা সত্যিই ঝুঁকিপূর্ণ। আমরা বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি এবং দ্রুত সমাধানের অপেক্ষায় আছি।”
উপজেলা পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনীর কার্যালয় এমন অরক্ষিত অবস্থায় থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। সেবা নিতে আসা সাধারণ মানুষও আতঙ্কে থাকেন। স্থানীয়দের দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি দ্রুত সংস্কার করা হোক অথবা নতুন একটি আধুনিক ভবন নির্মাণ করে দাপ্তরিক কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।
পীরগাছার এই গুরুত্বপূর্ণ দপ্তরের নিরাপত্তা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও এলাকাবাসীর।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ