ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেফতার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা রাজ্যের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

পুলিশ ও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন, তিনি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা করেন। বাংলাদেশে গ্রেফতার এড়াতে পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে পালিয়ে যান। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, গত ৭ মার্চ রাতে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন