‘নতুন করে আমার জন্ম হয়েছে’: তানিয়া বৃষ্টি
অনলাইন ডেস্ক: জীবনের অত্যন্ত কঠিন এক অধ্যায় পার করে হাসপাতালে কাটানো দিনগুলোকে পেছনে ফেলে আবারও প্রিয় অভিনয়জগতে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেন নতুন করে জীবনের স্বাদ পেয়েছেন তিনি। আবেগাপ্লুত কণ্ঠে অভিনেত্রীর গভীর উপলব্ধি— ‘মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে।’
গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তানিয়া। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে। এরপর দেশে অস্ত্রোপচার, পরবর্তীতে ভারতে গিয়ে আরও একটি অস্ত্রোপচার এবং দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। আল্লাহর অশেষ রহমতে ও চিকিৎসকদের প্রচেষ্টায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে নিজের অসুস্থতা ও চিকিৎসার পুরো অভিজ্ঞতা শেয়ার করেন তানিয়া। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, অসুস্থতার শুরুতে তেমন কোনো বড় লক্ষণ তিনি বুঝতে পারেননি। ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় সামান্য মাথাব্যথা শুরু হলেও সেটিকে তিনি কাজের ক্লান্তি ভেবে স্বাভাবিক বিষয় বলেই মনে করেছিলেন।
কিন্তু টানা চার দিন শুটিং চলার সময় মাথাব্যথা কখনো বাড়ত, আবার কখনো কমত। ব্যস্ততার কারণে তিনি তা এড়িয়ে যান। তবে পঞ্চম দিন সকালে মাথাব্যথা অসহনীয় হয়ে ওঠায় এবং সেই সঙ্গে বমি শুরু হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে তার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হন তিনি।
দীর্ঘ আট মাসের বিরতি শেষে গত অক্টোবরের দিকে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া। সেই অভিজ্ঞতা ছিল তার কাছে ভীষণ আবেগময়। সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় তিনি নতুন করে কাজের অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান।
তবে পুরোপুরি সুস্থ হতে এখনো কিছুটা সময় লাগবে। চিকিৎসার অংশ হিসেবে তাকে প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হচ্ছে এবং আরও দুই মাস এই চিকিৎসা চলবে। এই সময়ে নিয়মিত শুটিং করার কোনো পরিকল্পনা তার নেই। শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি মাসে কেবল এক বা দুটি কাজ করতে চান।
অসুস্থতার খবরের চেয়ে নিজের অভিনয় ও কাজ দিয়েই দর্শকের হৃদয়ে বেঁচে থাকতে চান তানিয়া বৃষ্টি। পাশাপাশি, শরীরে যেকোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই লড়াকু অভিনেত্রী।